Homeসারাবিশ্বট্রাম্পের হোয়াইট হাউসে গণমাধ্যমের নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করলেন মার্কিন বিচারক

ট্রাম্পের হোয়াইট হাউসে গণমাধ্যমের নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করলেন মার্কিন বিচারক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে হোয়াইট হাউসে প্রবেশাধিকার হারানো তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এক মার্কিন বিচারক। খবর বিবিসির। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া আদালত নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর হোয়াইট হাউসে প্রবেশাধিকার ১৪ দিনের জন্য পুনর্বহাল করতে হবে।

বিচারক টিমোথি কেলি রায়ে বলেন, সিএনএন, পলিটিকো ও এমএস নাও তাদের এই দাবিতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যে, নিষেধাজ্ঞা কার্যকর করার সময় হোয়াইট হাউস পর্যাপ্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি।

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। তিনি উল্লেখ করেন, নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্টের প্রাথমিক ঘোষণায় জাতীয় নিরাপত্তার কোনো উল্লেখ ছিল না।

রায়ে আরও বলা হয়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর হার্ড পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা বাস্তবে সুরক্ষিত হবে এমন দাবির পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আদালতের সামনে নেই। একইভাবে, মামলার কার্যক্রম চলাকালে আদালত যদি তাদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেন, তাতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমন দাবির পক্ষেও পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই।

এর আগে, গত সপ্তাহে এসব সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসের প্রবেশের জন্য ব্যবহৃত হার্ড পাস জব্দ করা হয় এবং তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তিনটি সংবাদমাধ্যমই আইনি চ্যালেঞ্জ জানিয়ে নিষেধাজ্ঞাটিকে অসাংবিধানিক বলে দাবি করে।

ট্রাম্প প্রশাসন আদালতে এই পদক্ষেপের পক্ষে সাফাই দিয়ে অভিযোগ করে, সংবাদমাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রকাশ করেছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। তবে আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করেন।

এদিকে, রায়ের বিষয়ে হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি। তবে, প্রেসিডেন্টের পক্ষে থাকা আইনজীবীরা পরবর্তী সময়ে আরও আইনি পদক্ষেপ নিতে পারেন।

সূত্রঃ যমুনা টিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments